আইওটা-ক্যারাগিনান

নির্দেশনা

আইওটা-ক্যারাগিনান ন্যাজাল স্প্রে নিম্নলিখিত উদ্দেশ্যে নির্দেশিত-
  • উচ্চতর শ্বাসযন্ত্রের ভাইরাল সংক্রমণ প্রতিরোধ ও সংক্রমণের সহায়ক চিকিৎসা হিসাবে
  • সর্দি ও ফু-জাতীয় অসুস্থতার (যেমন ইনফ্লুয়েঞ্জা, করোনাভাইরাস রোগ, ইত্যাদি) সময়কাল কমাতে এবং সর্দির লক্ষণগুলির (যেমন নাকের পানি পড়া, হাঁচি, ইত্যাদি) তীব্রতা কমাতে
  • ন্যাজাল কনজেশন (নাক বন্ধ) এবং নাকের পানি পড়া জনিত সমস্যা নিরাময়ে
  • শুষ্ক নাক এবং নাকের মিউকোসার জ্বালা-যন্ত্রণার কারণে সৃষ্ট সমস্ত সমস্যা প্রতিরোধ এবং সহায়ক চিকিৎসায়

ফার্মাকোলজি

আইওটা-ক্যারাগিনান ন্যাজাল স্প্রে হল ক্যারাগিনানের একটি অনন্য প্রস্তুতি যা উচ্চতর শ্বাসযন্ত্রের ভাইরাল সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এটি এলার্জিক রাইনাইটিসের লক্ষণ কমাতে সহায়তা করে এবং শুষ্ক নাক ও নাকের মিউকোসার প্রদাহে প্রশান্তি প্রদান করে। ক্যারাগিনান হল একটি প্রাকৃতিক কার্বোহাইড্রেট (পলিস্যাকারাইড) যা সেবনযোগ্য লাল শৈবাল থেকে সংগ্রহীত। ক্যারাগিনান নামটি কনড্রাস ক্রিসপাস প্রজাতির শৈবাল থেকে এসেছে, যা ক্যারাগিন মস বা আইরিশ মস হিসেবে পরিচিত।

সর্দি ও ফু-জাতীয় রোগের জন্য ভাইরাস সংক্রমণের সবচেয়ে সহজ পথ হল নাক। ফু-জাতীয় রোগগুলি সাধারণত রাইনোভাইরাস, করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডেনোভাইরাস, এন্টেরোভাইরাস এবং শ্বাসযন্ত্রের সিঙ্কিসিয়াল ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। যদি ভাইরাসগুলি নাকে প্রবেশ করে, তারা মিউকোস মেমব্রেনের সাথে সংযুক্ত হয় এবং মিউকোসাল কোষকে সংক্রমিত করে, বংশবৃদ্ধি করে এবং ছড়িয়ে পড়ে। এর ফলে সাধারণত সর্দির লক্ষণগুলি দেখা দেয়, যেমন নাক বন্ধ হয়ে যাওয়া বা নাকের পানি পড়া, হাঁচি, ইত্যাদি।

আইওটা-ক্যারাগিনান ন্যাজাল স্প্রে (আইওটা-ক্যারাগিনান) সর্দি ও ফু-জাতীয় ভাইরাসের বিরুদ্ধে একটি সুরক্ষামূলক ফিল্ম তৈরি করে। আইওটা-ক্যারাগিনান ভাইরাসগুলিকে পরিবেষ্টন করে এবং ভাইরাসের মিউকোস মেমব্রেনের সাথে সংযুক্ত হতে বাধা দেয়। আইওটা-ক্যারাগিনানের ফিল্মটি নাকের মিউকোসায় দীর্ঘ সময় ধরে থাকে এবং বাহিরের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে। ভাইরাস যদি নাকের পথে প্রবেশ করে, ক্যারাগিনানের সুরক্ষামূলক ফিল্ম দ্বারা ভাইরাসগুলি ব্লক হয়, ফলে তারা মিউকোসাল কোষকে সংক্রমিত করতে পারে না। এছাড়াও, সংক্রামিত কোষ থেকে নির্গত ভাইরাসগুলি নতুন কোষকে সংক্রমিত করতে বাধা পায়। এই সুরক্ষামূলক ফিল্মটি ভাইরাসগুলির বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষামূলক প্রক্রিয়াকে সমর্থন করে। এর ফলে, শ্বাসযন্ত্র অথবা শ্বাসনালীকে সংক্রমিত করার জন্য দায়ী ভাইরাসগুলির বংশবৃদ্ধি এবং ছড়িয়ে পড়া কমে যায়।

নিম্ন আর্দ্রতা এবং বায়ু দূষণ নাকের মিউকোসার শুষ্কতা সৃষ্টি করতে পারে। নাক শুধুমাত্র তখনই তার ফিল্টারিং প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম যখন নাকের মিউকোসা যথেষ্ট আর্দ্র থাকে। ক্যারাগিনানের উচ্চ পানি ধারণ ক্ষমতা থাকার কারণে, আইওটা-ক্যারাগিনান ন্যাজাল স্প্রে পানির উপস্থিতিতে নরম জেল তৈরি করে, যা মিউকোসার উপর একটি সুরক্ষামূলক এবং আর্দ্রকরণ ফিল্ম তৈরি করে। এই ফিল্ম বিভিন্ন বাহ্যিক প্রভাব যেমন ভাইরাস বা অ্যালার্জেনের বিরুদ্ধে একটি বাধা হিসেবে কাজ করে এবং এটি মিউকোসাকে আর্দ্র করে, যা নাকের মিউকোসাকে স্বাস্থ্যকর রাখতে সহায়ক হিসাবে কাজ করে।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক ও শিশু (১১ বছর):
  • সর্দি এবং ফু-জাতীয় সংক্রমণে (যেমন নাক বন্ধ, হাঁচি, নাকের পানি পড়া, ইত্যাদি), প্রতিটি নাসারন্ধ্রে ১-২টি করে স্প্রে প্রতিদিন ১-৪ বার।
  • শুষ্ক নাকের মিউকোসা আর্দ্রকরণে, প্রয়োজন অনুযায়ী দিনে কয়েকবার নাকে স্প্রে করতে হবে। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে।

ঔষধের মিথষ্ক্রিয়া

অন্য কোনো ওষুধের সাথে আন্তঃক্রিয়ার কোনো তথ্য জানা যায়নি। অন্যান্য ওষুধের সাথে আন্তঃক্রিয়া নিয়ে গবেষণা করা হয়নি।

প্রতিনির্দেশনা

যদি ক্যারাগিনানের প্রতি পরিচিত অতি সংবেদনশীলতা থাকে, তবে ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

বর্তমানে, ক্যারাগিনানের প্রতি খুব বিরল কিছু অতি সংবেদনশীলতা ছাড়া অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া জানা যায়নি।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

আইওটা-ক্যারাগিনান ন্যাজাল স্প্রে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে।

সতর্কতা

একটি স্প্রে বোতল একই ব্যক্তির দ্বারা ব্যবহার করা উচিত, যাতে সংক্রমণ (জীবাণু ছড়িয়ে পরা) এড়ানো যায়। যদি নাকে জ্বালাপোড়া, নাকে যন্ত্রণা বা বমি অনুভূতি হয়, তবে ব্যবহার বন্ধ করতে হবে।

সংরক্ষণ

সরাসরি সূর্যের আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন। ২৫°সে. তাপমাত্রার নিচে, শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Available Brand Names

Thanks for using MedEx!
How would you rate your experience so far?